বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬| সন্ধ্যা ৬:২৫

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
staffreporter
জুন ২৯, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে “জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৬ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ‘অদম্য জুলাই’ শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এছাড়া রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ ও সাময়িকী প্রকাশ এবং রাজধানীতে “শিশুদের চোখে জুলাই জাগরণ” শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হবে। এর পাশাপাশি সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে আলোকচিত্র প্রদর্শনী, “জুলাই জাগরণ” ডকুফিল্ম প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং জেলা পর্যায়ে শহীদদের নামে পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিবির সভাপতি নূরুল ইসলাম ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দ্রুত তাঁদের হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান। একই সাথে তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে অভিযোগ করেন যে, সরকার জুলাই জাতীয় সনদ ও গণভোটের ম্যান্ডেটকে অবজ্ঞা করছে এবং প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা হচ্ছে। দেশের ৫৯ শতাংশ সংসদ সদস্য ঋণখেলাপি উল্লেখ করে অর্থনৈতিক নৈরাজ্য এবং টিআইবি ও পুলিশের তথ্য অনুযায়ী প্রথম ১০০ দিনে খুন ও ধর্ষণের চিত্র তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা জানান তিনি।

শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শিবির সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস। কিন্তু সরকারদলীয় সংগঠন ছাত্রদল বর্তমানে শিক্ষাঙ্গনে আবারও বর্বরোচিত সহিংসতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর প্রকাশ্য হামলা চালাচ্ছে। সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এসএম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ হতে না দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি