‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান
তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. আবদুল মঈন খান বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশে ঘুরে তরুণ সমাজকে সংগঠিত করার ফলেই আজকের বিএনপি এই অবস্থানে পৌঁছেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শৃঙ্খলা, সততা ও জনসেবার আদর্শ স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান সাহস করে স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সংশয় থাকত এবং তার জাতীয়তাবাদের ধারা নিয়েই বিএনপি মানুষের সেবা করে যাবে।
আলোচনা সভায় প্রাচীনকাল থেকে ই-বুক পর্যন্ত বইয়ের বিবর্তন ও ছাপাখানার ইতিহাসের কথা তুলে ধরে তিনি বলেন, লাইব্রেরি হলো জ্ঞানের মূল সম্ভার। বই পড়ার চর্চা হারিয়ে গেলে কোনো জাতিই গৌরব অর্জন করতে পারে না, তাই নেতৃত্বকে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার ও জ্ঞান অর্জনের অভ্যাস সঠিকভাবে পরিচালনা করতে হবে।
জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং সংসদ সদস্য নিলুফার চৌধুরী।



















