জার্মানিতে প্রবাসীদের ঐক্যে ‘ফেনী অ্যাসোসিয়েশন জার্মানি’র আত্মপ্রকাশ
প্রবাসীদের নানা কল্যাণ সাধন এবং প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চা ও বিস্তারের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার বার্তা নিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফেনী অ্যাসোসিয়েশন জার্মানি’। গত ২২ আগস্ট স্থানীয় একটি মিলনায়তনে জমকালো অভিষেক ও প্রীতি সম্মেলনের মাধ্যমে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি শেষ পর্যন্ত প্রবাসীদের এক আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছিল নবগঠিত কমিটির সদস্য পরিচয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপনা। আয়োজক সংগঠন ফেনী অ্যাসোসিয়েশন হলেও এতে বাংলাদেশের প্রায় সব জেলার প্রবাসীরাই সানন্দে অংশ নেন। স্বদেশের নানা ঐতিহ্যবাহী খাবারের আপ্যায়ন আর কর্মব্যস্ত জীবনের মাঝে প্রিয়জনদের সান্নিধ্য প্রবাসীদের উচ্ছ্বসিত করে তোলে, যা সামাজিক বন্ধন সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশেও সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই সংগঠন। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করার প্রত্যয় জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজারের তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক জামশেদ আলম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে পূর্ণাঙ্গ কমিটি পরিচয় করিয়ে দেওয়া হয়। সহসভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলমগীর, কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুনসহ নির্বাহী কমিটির কর্মকর্তা ও উপদেষ্টামণ্ডলীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।


















