জামায়াত নেতা জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ সেক্রেটারি জেনারেলের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার এক বিবৃতিতে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও শিক্ষক জিল্লুর রহমানকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, দেশে ভিন্নমত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সহিংস হামলা, সন্ত্রাস ও হত্যাচেষ্টার ঘটনা গভীর উদ্বেগজনক। পাবনার ভাঙ্গুড়ায় জামায়াত নেতা ও শিক্ষক জিল্লুর রহমানের ওপর সশস্ত্র হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতারই বহিঃপ্রকাশ।
তিনি আরও উল্লেখ করেন, জিল্লুর রহমান একজন সজ্জন, সমাজসেবক ও দ্বীনি মূল্যবোধসম্পন্ন ব্যক্তি। তার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হত্যার অপচেষ্টা মানবতা ও সভ্যতার পরিপন্থী। এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ বহন করে।
বিবৃতির শেষ অংশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি মারাত্মকভাবে আহত জিল্লুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন।



















