জামায়াত আমির শফিকুর রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ। তিনি উল্লেখ করেন, নির্বাচনি প্রচারপর্ব থেকে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযমী বক্তব্য এবং কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে দলটির পক্ষ থেকে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা পাওয়া গেছে, যার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু সংকট, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের মতো বিভিন্ন ক্ষেত্রে দেশের সামনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক করতে সরকার ও বিরোধী দল উভয়ের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করতে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলেও প্রত্যাশা জানান তিনি।
শেষে তিনি বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতে অতীতে যে ভূমিকা রাখা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তার দৃঢ় বিশ্বাস। তিনি শফিকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।



















