জাপান আপাতত ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না
জাপান আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতেই দেশটি এই অবস্থান নিয়েছে। তবে টোকিও জানিয়েছে, সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনায় রেখে বিষয়টি মূল্যায়ন অব্যাহত থাকবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়ার বিষয়টি জাপানের সরকারি সূত্র থেকে জানা গেছে। চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে।
কিয়োদো নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জাপানকে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার জন্য চাপ দিয়েছে। একই সময়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিন স্বীকৃতির আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, “সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সমন্বিতভাবে মূল্যায়ন করা হচ্ছে।” বুধবার মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি একই বক্তব্য পুনরায় উল্লেখ করেন। তিনি গাজা নগরীতে ইসরায়েলি স্থল অভিযানের কারণে “গুরুতর সংকট” নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।” তিনি মানবিক সংকট দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্যও ইসরায়েলের প্রতি আহ্বান জানান।
এছাড়া, আসাহি জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হলেও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাতে যোগ দেবেন না।

















