জাপানে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালেও পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী ইশিবা
জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির ক্ষমতাসীন জোট। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এখনই পদত্যাগ করছেন না। রোববার অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এই ফলাফলের মুখোমুখি হয় ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও তার শরিক কোমেইতো।
এই নির্বাচনের প্রেক্ষাপট গঠিত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক হুমকির প্রেক্ষিতে। নির্বাচনের ফলাফল সামনে আসার পর ইশিবা জানান, তিনি এই কঠিন বাস্তবতা মেনে নিচ্ছেন, তবে তার মূল লক্ষ্য এখন বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়া।
উল্লেখ্য, এর আগে দেশটির নিম্নকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল জোটটি। এবার উচ্চকক্ষেও এমন ফলাফল সরকারের উপর প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। ২৪৮ সদস্যের উচ্চকক্ষ নিয়ন্ত্রণে রাখতে জোটের প্রয়োজন ছিল ৫০টি আসন, কিন্তু এনএইচকের তথ্য অনুযায়ী তারা পেয়েছে মাত্র ৪৭টি।
বিশ্লেষকরা বলছেন, এলডিপির রক্ষণশীল ভোটব্যাংক কয়েকটি ডানপন্থী দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সমর্থকদের মতে, ইশিবা যথেষ্ট রক্ষণশীল নন এবং চীনের বিরুদ্ধে তার অবস্থানও দুর্বল। এই কারণেই অনেক ভোট এলডিপি থেকে সরে গেছে।
ভোটারদের হতাশা ছিল এবারের নির্বাচনের মূল প্রতিচ্ছবি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিশেষ করে চালের দাম বাড়ার কারণে জনমনে অসন্তোষ দেখা দেয়। সেইসঙ্গে, সাম্প্রতিক সময়ে এলডিপিকে ঘিরে বেশ কিছু কেলেঙ্কারি এ পরিস্থিতিকে আরও জটিল করেছে।
উল্লেখযোগ্যভাবে, এলডিপির শেষ তিন প্রধানমন্ত্রীও উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর দুই মাসের মধ্যেই পদত্যাগে বাধ্য হন। অনেক বিশ্লেষক মনে করছেন, একই পরিণতি এবারেও হতে পারে।



















