জাপানের সঙ্গে ভারতের প্রথম ঐতিহাসিক প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর
জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে ভারত। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর এক যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি জানান, নতুন চুক্তির আওতায় এখন থেকে দুই দেশ যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করবে এবং আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা ও আইনভিত্তিক বিশ্বব্যবস্থাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্দো-প্রশান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়ে বলেন, এই অঞ্চল নিয়ে জাপান ও ভারতের চাওয়া একই। দুই দেশই একটি স্বাধীন, মুক্ত এবং আইনভিত্তিক ইন্দো-প্রশান্ত অঞ্চল চায়, যেখানে এই সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে একজন দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করে মোদি বলেন, এই চুক্তির মাধ্যমে জাপানের সঙ্গে ভারতের মিত্রতা এক নতুন অধ্যায়ে প্রবেশ করল।
এদিকে ভারতীয় কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এবারের সফরে প্রতিরক্ষা সহায়তা চুক্তির পাশাপাশি নতুন ১২০টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছেন জাপানি প্রধানমন্ত্রী। এসব চুক্তির আওতায় আগামী ১০ বছরে ভারতে ১০ লক্ষ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান। এই ১২০টি চুক্তির মধ্যে জ্বালানি নিরাপত্তাকে আলাদাভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং জাপান মূলত ভারতের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।



















