বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬| সন্ধ্যা ৬:১৭

জাতীয় সংসদ নির্বাচন: আরও ১৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৮, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচন: আরও ১৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

জাতীয় সংসদ নির্বাচন: আরও ১৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ১৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। অর্থাৎ, আগামী ২৭ নভেম্বরের মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর অভিযোগ বা মতামত পাঠানো যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য পাওয়া আবেদনসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই শেষে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে ১৬টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর তালিকা হলো—
এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ), হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), রাসটিক, বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমি, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এবং উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এর আগে গত ৬ নভেম্বর নির্বাচন কমিশন প্রথম দফায় ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়। নতুন ১৬টি সংস্থা যুক্ত হওয়ায় এবার পর্যবেক্ষক নিবন্ধনের সংখ্যা দাঁড়াল মোট ৮২টিতে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি