জাতীয় মেধার উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেছেন জনপ্রশাসন সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, বৈষম্যহীন সমৃদ্ধ জাতিরাষ্ট্র গঠনে গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ বাড়ানো অপরিহার্য। তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তির কাঙ্খিত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকৌশলীদের অংশ নেওয়া জরুরি। মেধাবীরা পেশা পরিবর্তন করে নিম্নপদের জন্য দাবি জানালে তা জাতীয় মেধার অপচয় হিসেবে বিবেচিত হবে। সরকার গবেষণার ক্ষেত্র সৃষ্টি করতে কাজ করছে।
শনিবার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৪৪তম জাতীয় কাউন্সিল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন সচিব বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ উন্মুক্তের দাবি মেধার প্রতি অবিচার, যা ব্যথার বিষয়। ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় উত্থাপিত সমস্যা সমাধানে জাতীয় বেতন কমিশন কাজ করছে এবং বিষয়গুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে পে-কমিশনের কাছে জানানো হবে। পেশাগত সুযোগ সুবিধার পাশাপাশি জাতীয় স্বার্থকেও প্রাধান্য দিতে হবে। মাঠ পর্যায়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশ ও জাতির পরিবর্তন সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন। সম্মেলনে ৭১টি সাংগঠনিক জেলা শাখা থেকে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং দিনব্যাপী একাধিক অধিবেশনে জাতীয় প্রেক্ষাপটে ইনস্টিটিউশনাল ও সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



















