জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ, লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ নিশ্চিত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত, বাকি দায়িত্ব রাজনৈতিক দলের নেতাদের উপর রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, তারা তাদের দায়িত্ব পালন করবেন।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন যদি অপরাধ করে, তাহলে প্রকৃত দোষী ব্যক্তি ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ ৭টি সিমকার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
জাহাঙ্গীর আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। তিনি গণমাধ্যমকে আহ্বান জানান, পদায়ন ও বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম থাকলে তা প্রকাশ করতে।
তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

















