শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:১৪

জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করবে

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৭, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করবে

জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করবে

জাতীয় ঐকমত্য কমিশন আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত চূড়ান্ত সুপারিশ হস্তান্তর করবে। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন।

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ছিলেন সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশনের গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রাজনৈতিক দল, কমিশনের কর্মকর্তা-কর্মচারী, গবেষক ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কমিশন সদস্যরা। আলী রীয়াজ বলেন, “চব্বিশে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থান আমাদের যে সুযোগ দিয়েছে, সেটা যেন হারিয়ে না যায়। কমিশন সংস্কারকেই অগ্রাধিকার দিয়েছে, যাতে ভবিষ্যতে জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পারে।”

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সবাই সরকারের নিবিষ্টতা ও সাহসিকতা প্রত্যাশা করে। গণঅভ্যুত্থানে এত তাজা প্রাণ ঝরে গেছে, এত মানুষ আহত হয়েছে—এটা স্মরণে রেখে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। এই সুযোগ যেন হারিয়ে না যায়।”

কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর শেষ হবে। এরপরও সরকারের প্রয়োজন হলে তারা ব্যক্তিগতভাবে সহযোগিতা প্রদানের চেষ্টা করবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি