জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমন ঘিরে উৎসবে মেতেছেন প্রবাসীরা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমন ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে জ্যাকসন হাইটসসহ বিভিন্ন স্থানে মিছিল ও নানা ধরনের কর্মসূচি অব্যাহত রেখেছেন প্রবাসী নেতাকর্মীরা। জাতিসংঘ সফরকালীন সময়ে তিনি ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে অবস্থান করবেন, যা কেন্দ্র করে হোটেলটির আশপাশেও নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের আগ্রহ বাড়ছে।
প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছালে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রতিনিধিদলের সঙ্গে অভ্যর্থনা জানানো হয়। সফরের প্রথম দিন সকালে জাতিসংঘ মহাসচিব কর্তৃক আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য স্বাগত প্রাতরাশে অংশ নেন তিনি। এরপর সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত বিশেষ সামাজিক অভ্যর্থনায় যোগ দেবেন।
পরদিন ২৩ সেপ্টেম্বর বিভিন্ন আন্তর্জাতিক মানবিক ও দাতব্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক দুটি পৃথক উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখবেন।একই সাথে বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রোহিঙ্গা সংকটবিষয়ক বিশেষ সাইড ইভেন্টে অংশ নিয়ে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ মিয়ানমার প্রত্যাবাসনে আন্তর্জাতিক সাহায্য কামনার প্রস্তুতি রয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলা সম্পর্কিত আন্তর্জাতিক সভায় উদ্বোধনী বক্তব্য এবং সাধারণ পরিষদের মূল বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনৈতিক সংস্কার, জলবায়ু ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ দিকগুলো স্থান পাবে। একাধিক শীর্ষ বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনার পর ২৫ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।



















