জাতিসংঘের প্রতিনিধি দল ঢাকা সফরে: এলডিসি থেকে উত্তরণের প্রভাব মূল্যায়ন
জাতিসংঘের স্বল্পোন্নত দেশ (এলডিসি) বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন। তারা বাংলাদেশে এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের উদ্বেগের কারণ সরেজমিনে মূল্যায়ন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রতিনিধি দল ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে অবস্থান করবেন। ব্যবসায়ীদের আশঙ্কা, এলডিসি থেকে বেরিয়ে গেলে রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা পেতে পারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে রপ্তানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই সফরের মাধ্যমে প্রতিনিধি দল বাণিজ্যিক উদ্বেগ, বাজার পরিস্থিতি ও সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করবেন এবং বাংলাদেশের ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি সরাসরি বোঝার চেষ্টা করবেন। এই সফর এলডিসি উত্তরণের প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও পরিকল্পিত করার জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।



















