জম্মু-কাশ্মিরে ভয়াবহ মেঘ বিস্ফোরণ, নিহত ৪৬
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কিস্তার বিভাগের চাশোতি গ্রামে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভয়াবহ মেঘ বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এই সংখ্যার আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মেঘ বিস্ফোরণের ফলে অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টি হয়, যা আকস্মিক বন্যার কারণ হয়। এই বন্যার পানিতে ভেসে গিয়ে বহু মানুষ প্রাণ হারান।
বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধার অভিযানে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। নিচু অঞ্চলের পানিতে সমস্ত কিছু ভেসে গেছে, ফলে ওই এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
‘মেঘ বিস্ফোরণ’ বলতে বোঝায়, হঠাৎ কোনো স্থানে ভারী মেঘ জমে অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টি হওয়া। এটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হয় এবং বন্যা সৃষ্টি করতে পারে।
দুর্যোগপূর্ণ অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধারকারীদের কাজ অত্যন্ত কঠিন হতে পারে। এছাড়া সাম্প্রতিক কয়েকদিনের ঝড়ে রাস্তাঘাট খারাপ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ আরও জটিল হয়ে পড়েছে। চাশোতি গ্রাম থেকে রাজধানী শ্রীনগরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে সেখানে প্রয়োজনীয় সব সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে গত ৫ আগস্ট উত্তরাখণ্ডের হিমালয় শহর ধারালিতেও মেঘ বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হয়েছিল।



















