জনস্বার্থের পরিপন্থী কোনো শর্ত মানবে না নির্বাচিত সরকার, সাফ জানালেন অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভা শেষে দেশে ফিরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর শর্ত প্রসঙ্গে সরকারের অনড় অবস্থানের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, আইএমএফের কোনো শর্ত যদি জনগণের স্বার্থ সংরক্ষণে বাধা হয়ে দাঁড়ায়, তবে নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত নেবে না। পূর্ববর্তী অনির্বাচিত সরকারের নেওয়া অনেক শর্ত বর্তমান বিএনপি সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে আওয়ামী লীগ সরকারের নেওয়া চলমান ঋণ কর্মসূচি আগামী ছয়-সাত মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর নতুন কোনো কর্মসূচিতে সরকার যাবে কি না, তা জনস্বার্থ বিবেচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের কল্যাণকে বাইরে রেখে কোনো দাতা সংস্থার শর্ত পূরণ করার সুযোগ নেই।
ফ্যামিলি কার্ডের কারণে আইএমএফের ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের সাথে ঋণের কোনো সম্পর্ক নেই। বরং এই উদ্যোগকে আইএমএফসহ সব উন্নয়ন সহযোগী সংস্থা ভূয়সী প্রশংসা করেছে। এর মাধ্যমে অর্থনীতির সুফল সরাসরি দরিদ্র মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান যে, সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর। তবে তা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে নয়। আন্তর্জাতিক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখলেও দেশীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।



















