জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার করলেন স্থানীয় সরকার মন্ত্রী
জনগণের নির্বাচিত সরকার হিসেবে পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এই কথা জানান। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় এবং সরকারি কাজের কোনো ভুলভ্রান্তি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হলে তা সংশোধনে উদ্যোগ নেওয়া হবে। তবে মিথ্যা তথ্যের মাধ্যমে অপপ্রচার না করার অনুরোধ জানিয়ে স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূলত জনগণের সেবক। তাই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে নিষ্ঠার সঙ্গে জনসেবা দিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উন্নত ও সম্মানিত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই প্রত্যেকের মূল লক্ষ্য হওয়া উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজ কেবল প্রকল্পনির্ভর না রেখে মাঠপর্যায়ের মানুষের প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে পরিচালনার ওপর জোর দেন। একই সাথে বিদ্যমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ, বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে নিরাপদ পানির সরবরাহ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী মাঠপর্যায়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল গঠনের প্রস্তাব করেন। সেই সাথে বড় শহরগুলোতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং ছোট পৌরসভা বা উপজেলায় সাশ্রয়ী বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার কথা বলেন। নদী ও পুকুরের পানি শোধনের মাধ্যমে চাপ কমানোর পরামর্শও দেন তিনি। উক্ত আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান ও অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















