চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন রাজপাল যাদব
চেক বাউন্স সংক্রান্ত একাধিক মামলায় বড় ধরনের আইনি স্বস্তি পেয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত তাকে জেলে যেতে হচ্ছে না, তবে এই আইনি সুবিধা বহাল রাখতে তাকে গুণতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ।
মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা যাদবের করা আবেদনের প্রেক্ষিতে তাদের আপাতত আত্মসমর্পণ না করার অনুমতি দেন।
সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, অভিনেতাকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রেজিস্ট্রিতে ৫ কোটি রুপি জমা দিতে হবে। বুধবারের মধ্যে এই অর্থ যথাসময়ে জমা পড়লেই তিনি আত্মসমর্পণ থেকে রেহাই পাবেন, তবে শর্ত পূরণে ব্যর্থ হলে তার এই আইনি সুরক্ষা বাতিল হয়ে যাবে।
আদালতে রাজপাল যাদবের পক্ষে মামলাটি উপস্থাপন করেন আইনজীবী সৌরভ ত্রিবেদী। সর্বোচ্চ আদালত রাজপালকে সাময়িক রেহাই দিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।



















