চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট
চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনে—এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও প্রকাশ করেছেন। রোববার (৩ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তানে সফরের আগে তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “পাকিস্তানের মাধ্যমে আমরা চীন-পাকিস্তান সিল্ক রোডে সংযুক্ত হতে পারি, আর এই রোড ইরানের মাধ্যমে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে।” তিনি আরও জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে এবং এবারের সফরের লক্ষ্য এই সম্পর্ককে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।
পেজেশকিয়ান বলেন, পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প ও সীমান্ত সহযোগিতাসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বন্ধন রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে আদর্শিক সংহতির কথাও তুলে ধরেন তিনি।
আঞ্চলিক চ্যালেঞ্জের প্রসঙ্গে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পার্লামেন্টের অবস্থানের প্রশংসা করেন তিনি এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্বও তুলে ধরেন।
তার ভাষ্য অনুযায়ী, বাইরের শক্তিগুলো মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, কিন্তু ইরান পাকিস্তানের সঙ্গে ঐক্য ও সংহতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।
পরবর্তীতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানে পৌঁছালে লাহোর বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। শিশুরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রধান নওয়াজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান এবং তিনজন এক গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।
এই সফর উপলক্ষে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তান ও ইরানের পতাকায় সাজানো হয়। সফরসঙ্গী হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ একাধিক মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাও রয়েছেন। পাকিস্তানে প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম সরকারি সফর। সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর দুই দেশের ভ্রাতৃসুলভ সম্পর্ককে আরও দৃঢ় করবে।



















