চিকিৎসক ও রোগীর নিরাপত্তা রক্ষায় পাঁচ হাজার আনসার মোতায়েনের সিদ্ধান্ত
চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সেবা বিভাগ আয়োজিত ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনও বক্তব্য রাখেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসক হিসেবে নবীন কর্মকর্তারা দেশের বিভিন্ন প্রান্তে গুরুদায়িত্ব নিয়ে কাজ করবেন। চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার অধিকারও রক্ষা করতে হবে। এই নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঁচ হাজার আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেবল নিরাপত্তা বৃদ্ধিই নয়, চিকিৎসার মান উন্নত করে এবং রোগীদের ওষুধ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে মানুষের আক্ষেপের মূল কারণগুলো সমাধান করতে হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ধ্বংসপ্রাপ্ত ও দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য ব্যবস্থার মধ্য থেকেই বাস্তবতার ওপর দাঁড়িয়ে আমূল পরিবর্তন আনতে হবে। নির্বাচনী ইশতেহারে সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণে ঘোষিত ২০টি সুনির্দিষ্ট অঙ্গীকার বাস্তবায়নে চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই।
অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নবীন বিসিএস কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা অর্জনেরও আহ্বান জানান ড. মুহিত। চিকিৎসার পাশাপাশি সরকারি ক্রয় প্রক্রিয়া, ই-টেন্ডারিং ও প্রশাসনিক ব্যবস্থাপনা শেখার এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলার পরামর্শ দেন তিনি। একটি আধুনিক ও ডিজিটাল হেলথ ব্যবস্থা গড়ে তুলতে নবীন চিকিৎসকদেরই আগামী দিনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।


















