চার বছর পর জম্মু-কাশ্মিরে পুনরায় চালু দরবার মুভ প্রথা
চার বছর বন্ধ থাকার পর ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে পুনরায় চালু হয়েছে ‘দরবার মুভ’ প্রথা, যা দেড়শ’ বছরের পুরোনো রাজধানী স্থানান্তরের ঐতিহ্য। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নেতৃত্বে পুনরায় চালু হওয়া এই প্রথা রাজ্যের রাজনৈতিক ভারসাম্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। শনিবার শ্রীনগর থেকে শত শত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নথি বোঝাই বাসবহর নিয়ে জম্মুর উদ্দেশে যাত্রা করে।
সোমবার থেকে জম্মুর সিভিল সেক্রেটারিয়েট খোলা হবে এবং এটি শীতকালীন সময়ের জন্য সরকারের সর্বোচ্চ কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। রোববার দুপুরে জম্মুতে পৌঁছে দপ্তর পুনরায় চালুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, “দরবার মুভ বন্ধ করা ছিল জম্মুর মানুষের প্রতি অবিচার। এতে রাজ্যের আঞ্চলিক ভারসাম্যও নষ্ট হয়েছিল। আমি সেই অবিচার দূর করেছি।”
১৮৭২ সালে মহারাজা গুলাব সিং এই প্রথা চালু করেন। এর মাধ্যমে গ্রীষ্মে শ্রীনগর এবং শীতে জম্মু থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হতো, যাতে দুই অঞ্চলের মানুষ সরকারের কাছে সমানভাবে পৌঁছাতে পারে। ২০২১ সালে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ব্যয় সংকোচনের যুক্তিতে এই প্রথা বন্ধ করেন, তবে এটি জম্মুর অর্থনীতি এবং ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা ছিল। ২০২২ সালে জম্মু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রথা পুনরায় চালুর দাবি জানিয়ে আন্দোলন শুরু করে।
স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক দলগুলো বলছে, দরবার মুভ শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি জম্মু-কাশ্মিরের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নতুন নির্দেশনায় জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো শ্রীনগর ও জম্মু—উভয় স্থান থেকেই কাজ পরিচালনা করবে।


















