চট্টগ্রাম বিমানবন্দরে আইকাও অডিট প্রস্তুতি পর্যালোচনার জন্য বেবিচক চেয়ারম্যানের পরিদর্শন
আসন্ন আইকাও অডিট-২০২৬ মোকাবেলার জন্য বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। মঙ্গলবার এই পরিদর্শনে চেয়ারম্যান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীরের কাছ থেকে আইকাও অডিট উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা জোরদারকরণ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং পান।
ব্রিফিংয়ে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। ব্রিফিং শেষে চেয়ারম্যান বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা প্রাচীর, অ্যারাইভাল ও ডিপারচার এলাকা, ভিওআর স্থাপনা এবং বিমানবন্দরের অপারেশনস ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
পরিদর্শনের সময় চেয়ারম্যান সম্মানিত যাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা জানতে চান। তিনি যাত্রীদের মতামত গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় চেয়ারম্যান অপারেশনাল কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করা, যাত্রীসেবার মান উন্নয়ন, যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্ধারিত মানদণ্ড ও সুপারিশসমূহ যথাযথভাবে বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।



















