চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সাদিক কায়েম, সিটি করপোরেশনের তদারকির অভাবকে দায়ী
রাজধানীর চকবাজারের মনসুর খান প্লাজায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসু ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি ফায়ার সার্ভিসের আধুনিকায়ন এবং নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিয়ে সরকারের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে সিটি করপোরেশনের অব্যবস্থাপনা ও রাষ্ট্রের উদাসীনতাকে দায়ী করে সাদিক কায়েম বলেন, ইমারত নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা তদারকি না করায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে। এছাড়া প্রযুক্তিগত উন্নত সরঞ্জাম, পর্যাপ্ত জনবল ও আধুনিক প্রশিক্ষণের অভাবে অগ্নিনির্বাপণ করতে গিয়ে ফায়ার ফাইটারদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ছে।
সোমবার রাতের চকবাজারের অগ্নিকাণ্ডে চারজন ফায়ার ফাইটার আহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত করা এখন সময়ের দাবি। আগামীতে নগরবাসী দায়িত্ব দিলে ঢাকাকে একটি পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহ, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান এবং স্থানীয় অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।



















