গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী ব্যবসায়ী হাদিউল ইসলাম
ব্যবসায়িক উৎকর্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য ‘গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫’ লাভ করেছেন মালদ্বীপ প্রবাসী সফল ব্যবসায়ী মো. হাদিউল ইসলাম। গত মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। চমক গ্রুপ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার বহুমাত্রিক সাফল্য এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এবং উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের আরও বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা এবং প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদ ও বিউটি শিল্পের অগ্রদূত আলী আহমেদকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। এছাড়া দি প্রিমিয়ার ব্যাংক, বৈশাখী টেলিভিশন ও এনটিভির শীর্ষ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা মো. হাদিউল ইসলাম তার এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ট্রাব সভাপতি সালাম মাহমুদ এবং উদযাপন কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমসহ অন্য বক্তারা অর্থনীতি, শিল্প ও সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। দেশের উন্নয়নে প্রবাসীদের এমন সাফল্য বিশেষ অনুপ্রেরণা যোগাবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

















