গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নকআউটের সূচি চূড়ান্ত
আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই দাপুটে জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জর্ডান ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের পর ‘জে’ গ্রুপে লিওনেল মেসিদের শীর্ষস্থান নিশ্চিত হয়। এর ফলে রাউন্ড অব ৩২ বা নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল জল্পনা শুরু হয়েছে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হওয়ায় নকআউটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। এই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। পয়েন্ট টেবিলের বর্তমান সমীকরণ অনুযায়ী আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে আফ্রিকার দেশ কেপ ভার্দেকে, তবে শেষ রাউন্ডের ম্যাচে উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, তবে নাটকীয়ভাবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে।
ইতোমধ্যে আর্জেন্টিনার রাউন্ড অব বত্রিশের ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম।
শনিবার সকাল ৬টায় হতে যাওয়া গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচের ফলের ওপরই পুরোপুরি নির্ভর করছে আর্জেন্টিনার চূড়ান্ত প্রতিপক্ষ কে হচ্ছে। একদিকে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে মুখোমুখি হবে, অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলেই নিশ্চিত হবে ৪ জুলাই মায়ামিতে কোন দল আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে।


















