গ্রিসের উপকূল থেকে বাংলাদেশ ও সুদানসহ দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপ উপকূল থেকে বাংলাদেশ ও সুদানসহ বিভিন্ন দেশের কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার পাওয়া অভিবাসীদের একটি বড় অংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক, পাশাপাশি কয়েকজন মিসরীয় নাগরিকও রয়েছেন। সমুদ্রপথে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূল থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাত্রা পার হয়ে তারা গ্রিসের সীমায় পৌঁছান বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দিমোক্রেতিয়া।
বিগত ৪৮ ঘণ্টায় ক্রিট দ্বীপে দুই শতাধিক অবৈধ অভিবাসনপ্রত্যাশী এসে পৌঁছেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। কোস্টগার্ডের বিশেষ টহল জাহাজ ও স্থানীয় মাছ ধরার নৌকার যৌথ সহায়তায় উদ্ধারকৃতদের লেরাপেত্রার বন্দরে নিরাপদে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বন্দরেই তাঁদের শারীরিক পরীক্ষা, পরিচয় যাচাই ও প্রাথমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে নির্দিষ্ট দুটি নৌকায় মোট ১১২ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে প্রথম নৌকায় ৩১ জন সুদানি এবং ২৫ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। পরবর্তীতে পৌঁছানো দ্বিতীয় নৌকাটিতে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জনই ছিলেন বাংলাদেশি এবং বাকি ৯ জন ছিলেন মিসরের নাগরিক। সমুদ্রপথ ব্যবহার করে ইউরোপে প্রবেশের এই প্রবণতা ফের বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।


















