গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে উন্নত নেটওয়ার্ক সেবা পৌঁছাতে রবির প্রতি আহ্বান
দেশের বড় শহরগুলোর পাশাপাশি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত ও মানসম্মত মোবাইল এবং ইন্টারনেট সেবা পৌঁছে দিতে মোবাইল অপারেটর রবির প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত “ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন” সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী উল্লেখ করেন, সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো যে জনবান্ধব উদ্যোগ নিয়েছে, তার প্রত্যক্ষ সুফল গ্রাহকদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে গ্রাহকদের বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরে মন্ত্রী বলেন, কল ড্রপ, প্যাকেজের জটিল শর্ত, মেয়াদ এবং ডেটা ব্যবহারের মতো বিষয়ে সাধারণ মানুষের মধ্যে নানা বিভ্রান্তি রয়েছে। এসব অসন্তোষ ও প্রশ্ন দূর করতে অপারেটরদের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে আরও কার্যকর জনসচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে টাওয়ার শেয়ারিংয়ের মতো সুবিধাকে কাজে লাগিয়ে গ্রামাঞ্চলেও মানসম্মত নেটওয়ার্ক সম্প্রসারণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ টেলিযোগাযোগ খাতের সার্বিক উন্নয়নে সরকার, বিটিআরসি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানান। দেশে ফিচার ফোন ব্যবহারকারীদের সংখ্যা উল্লেখ করে তিনি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সহজলভ্য করার উদ্যোগের কথা জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে বিশ্বমঞ্চে এগিয়ে নিতে উন্নত নেটওয়ার্কের সুবিধা প্রদান এবং ডেটা প্যাকেজের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI টুলস ব্যবহারের সুযোগ যুক্ত করার জন্য মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি।



















