গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির তাগিদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের
জাতীয় জীবনে প্রকট হওয়া বিভিন্ন সমস্যাকে অতীতের অসমাপ্ত কাজের যন্ত্রণা হিসেবে উল্লেখ করে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আরও বেশি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সোমবার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জনতার অধিকার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশ আমাদের মাতৃভূমির মতো এবং মায়ের প্রতি সন্তানদের দায়িত্ব অনেক বেশি, তাই এসব সংকট মোকাবিলায় মনোযোগ বাড়ানো জরুরি।
সরকারের সদিচ্ছার ঘাটতি নেই উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বর্তমানে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়টা আরও জোরদার হওয়া উচিত। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন পর্যায়—যেমন সচিবালয়, শিক্ষাকেন্দ্র ও আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা বিগত আমলের অবশিষ্টাংশদের যাচাই-বাছাইয়ের মধ্যে রেখে রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাদাসিধে জীবনযাপন ও দৃষ্টান্তমূলক নানা পদক্ষেপের প্রশংসা করেন আলাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী সরকারি বাড়ি না নেওয়া, প্রটোকল কমিয়ে ফেলা, সাধারণ মানুষের মাঝে যাওয়া এবং নিজের ভাতার অংশ দান করার মাধ্যমে রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করেছেন। তাঁর এই অনুসরণীয় দৃষ্টান্ত মন্ত্রিপরিষদ ও প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদেরও লালন করা উচিত বলে মনে করেন তিনি।
জনতার অধিকার পার্টির এই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।



















