গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল জামায়াতে ইসলামী
গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে’ আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে জনজীবনে স্বস্তি ফেরাতে গ্যাস ও বিদ্যুতের মূল্য হ্রাসের পাশাপাশি বিদ্যুৎ বিলের গোপন চার্জ অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি।
সমাবেশে সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে ঢাকার উত্তরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং সেই আন্দোলনে জামায়াতে ইসলামী শুরু থেকেই ছাত্রদের পাশে ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১ আগস্ট অন্যায়ভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল এবং আন্দোলনের সময় শিশুদের ওপরও বর্বর সহিংসতা চালানো হয়েছিল।
পাশাপাশি বর্তমান বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ কেবল মুখে সীমাবদ্ধ না রেখে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অনিয়ম ও দুর্নীতি শতভাগ নির্মূল করতে পারলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনার কথা বললেও বাস্তবায়নে কার্যকর পদক্ষপ নিচ্ছে না। আগামী ৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে পল্টনে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান এই নেতা।
সমাবেশ শেষে উত্তরা রাজউক কলেজের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির প্রকৌশলী গোলাম মোস্তফাসহ উত্তরা, দক্ষিণখান ও উত্তরখান অঞ্চলের বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















