গোড়ালির চোটে মাঠের বাইরে নুরুল হাসান সোহান, তিন সপ্তাহ বিশ্রামে থাকবেন
সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলের একাদশে ছিলেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। তবে ফিল্ডিং করার সময় তিনি গোড়ালিতে চোট পান, যা তাকে সাময়িকভাবে মাঠের বাইরে রাখবে।
বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, সোহানের এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। চিকিৎসকরা আবারো তার পা পরীক্ষা করেছেন এবং জানিয়েছেন, মূলত লিগামেন্টে আঘাত পেয়েছেন তিনি। এ কারণে নুরুল সোহানকে প্রায় তিন সপ্তাহের বিশ্রাম নিতে হবে। সূত্রের খবর, তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে মাঠে ফিরবেন।
এদিকে, শেষ টি-টোয়েন্টি ম্যাচে নুরুলের মতো চোটে পড়েছিলেন পেসার শরিফুল ইসলামও। হ্যামস্ট্রিংয়ে আঘাত পাওয়ায় তিনি “গ্রড ওয়ান” ইনজুরি সমস্যায় পড়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, শরিফুলও ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে আয়ারল্যান্ড সিরিজের মাধ্যমে খেলায় ফিরবেন।
বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা আশা করছেন, আয়ারল্যান্ড সিরিজে উভয় খেলোয়াড় ফিট হয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

















