মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:২২

গান থেকে সরে দাঁড়ানোর ভাবনা ব্যাখ্যা করলেন তাহসান খান

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৬, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ
গান থেকে সরে দাঁড়ানোর ভাবনা ব্যাখ্যা করলেন তাহসান খান

গান থেকে সরে দাঁড়ানোর ভাবনা ব্যাখ্যা করলেন তাহসান খান

সংগীতশিল্পী তাহসান খানের গানের ক্যারিয়ার তার সুর-ছন্দের মতোই স্বাভাবিকভাবে চলছিল। দীর্ঘ পঁচিশ বছর ধরে গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। কিন্তু ক্যারিয়ারের রজতজয়ন্তীতে এসে এক ঘোষণায় ভেঙে দেন অসংখ্য ভক্তের হৃদয়— কারণ, তিনি জানিয়ে দেন যে আর গান করবেন না, নিজেকে গুটিয়ে নেবেন।

সেদিন তাহসানের ঘোষণায় তার অগণিত ভক্ত দুঃখ পেলেও কেউ কেউ গায়কের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাতে পিছপা হননি। তবু অধিকাংশ ভক্তই চেয়েছিলেন, তাহসান যেন আরও কিছুদিন তাদের মাঝে থাকেন, মঞ্চ মাতিয়ে গান শোনান।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ট্যুরে একাধিক পারফর্ম ছিল তাহসানের। তখনই তিনি জানান, এটি তার শেষ ট্যুর; ধীরে ধীরে তিনি গানের জগৎ থেকে সরে যাবেন। তবে ঢাকায় কিছু ইভেন্টে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তার।

ঢাকায় ফিরে সেই প্রতিশ্রুতি রাখলেন গায়ক। রাজধানীর এক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের ইভেন্টে যোগ দেন তিনি, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি নিজেই। সেখানে পিয়ানো বাজিয়ে ও মঞ্চে দাঁড়িয়ে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তাহসান খান। এতে প্রশ্ন ওঠে— এটাই কি তার শেষ পারফর্ম?

পারফর্ম শেষে উপস্থাপক সরাসরি প্রশ্ন করেন, “আপনি তো ঘোষণা দিয়েছেন গান থেকে সরে যাচ্ছেন— এটা কি সত্যি, এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত?”

তাহসান খান উত্তর দেন সতর্কভাবে, “আমি নিশ্চিত নই যে এটি এই বিষয়ে কথা বলার সঠিক সময়। কারণ আমি মঞ্চে যা বলি, তার একটা অংশ নিয়েই খবর তৈরি হয়। তবে একটা কথা বলব— আমার ভাই একবার বলেছিলেন, সঙ্গীতশিল্পীর সময়কাল খুব সীমিত। তখন আমি লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছিলাম। ভাই বলেছিলেন, শিল্পীর মেয়াদকাল হয়তো কম, কিন্তু শিল্পীর সৃষ্টি থেকে যায়।”

তিনি আরও বলেন, “আমার মনে হয়েছে, আমি ততদিনই গান করব যতদিন মানুষের ভালোবাসা পাব। কারণ অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে, কিন্তু এই জগতে একসময় মানুষ ভুলে যায়। ভুলে যাওয়ার আগেই ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াটাই আমার কাছে শ্রেয় মনে হয়েছে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি