গাজা ও লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একাধিক এলাকায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলার ঘটনা ঘটেছে বুধবার (১৯ নভেম্বর)।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, জেইতুন এলাকায় বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের কাছের মাওয়াসিতে কয়েকজন আহত হয়েছেন। সর্বমোট এই নতুন হামলায় এখন পর্যন্ত ৯ জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের সেনাদের ওপর আজ হামলা হয়েছে এবং এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় কোনো সেনা হতাহত হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এ হামলার প্রমাণ প্রকাশ করেনি।
গত মাসে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপরও অন্তত দুইবার সাধারণ মানুষের ওপর বড় হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতির পর থেকে উভয় পক্ষের হামলায় প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছেন।
এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলের দেঈর কিফা ও চেহোর গ্রামে ইসরায়েলি বাহিনী বিমান থেকে বোমাবর্ষণ করেছে। হামলার আধা ঘণ্টা আগে ইসরায়েল সতর্কতা দিয়েছিল যে, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তবে হিজবুল্লাহর কোনো অবকাঠামোর ওপর হামলা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্র, মিসর, কাতারসহ মধ্যস্থতাকারী দেশগুলোর সহায়তায় যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও এটি প্রথম থেকেই ভঙ্গুর ছিল। ইসরায়েল এখনো যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করেনি, ফলে চুক্তিটির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে।

















