গাজার রাফা অঞ্চলে গোলাগুলি ও বিস্ফোরণ, যুদ্ধবিরতির অবস্থা অনিশ্চিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা এলাকায় মঙ্গলবার (২৮ অক্টোবর) ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মিসর সীমান্তবর্তী এই অঞ্চলটি বিস্ফোরণে কেঁপে ওঠে এবং রাফা ও খান ইউনিসের পূর্ব অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ঠিক কী ঘটছে তা এখনো স্পষ্ট নয়। তবে সর্বশেষ এক ঘণ্টায় সেখানে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এক ইসরায়েলি সেনা আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
নতুন করে গোলাগুলি ও বিস্ফোরণের কারণে গাজার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও হতাশা তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, এই গোলাগুলির কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং দখলদাররা আরও বিমান হামলা বা বোমাবর্ষণ চালাতে পারে।
উল্লেখ্য, সোমবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি জিম্মির মরদেহের বাকি অংশ ফেরত দেয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে বসেন। দখলদারদের কর্মকর্তারা দাবি করেছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল



















