গাজার রাফাতে আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থান চেয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছে গাজার রাফাতে সুড়ঙ্গে আটকে থাকা তাদের যোদ্ধাদের নিরাপদে বেরিয়ে আসার ব্যবস্থা করতে। গত মাসে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফার সুড়ঙ্গে প্রায় ১০০ থেকে ২০০ যোদ্ধা আটকা পড়েন। এদের মধ্যে কিছু যোদ্ধা বের হওয়ার চেষ্টা করলে অন্তত ২০ জনকে ইসরায়েলি সেনারা বিমান হামলায় হত্যা করেছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, “আমাদের যোদ্ধাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা ইসরায়েলকে দায়ী করছি। আমাদের সন্তানরা যেন বাড়িতে ফিরতে পারে, সে ব্যবস্থা করতে মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানাচ্ছি।” যুদ্ধবিরতির পরও রাফার প্রায় পুরো অংশ ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে একটি কথিত হলুদ সীমারেখা তৈরি করা হয়েছে, যা পার হলেই ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি বা বিমান হামলা চালানো হয়।
মধ্যস্থতাকারীরা হামাসের যোদ্ধাদের নিরাপদ প্রস্থান নিশ্চিতের চেষ্টা চালিয়েছিল, কিন্তু যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটির বিরোধিতা করেছেন। ইসরায়েল দাবি করেছে, হামাসের যোদ্ধাদের তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে, তবে হামাস জানিয়েছে তারা কখনো ইসরায়েলিদের কাছে আত্মসমর্পণ করবে না।



















