গাজার উদ্দেশ্যে আন্তর্জাতিক নৌবহরে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম
গাজা অভিমুখী আন্তর্জাতিক ত্রাণ নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলায়’ রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইতালি থেকে রওনা হওয়া নৌবহরের বৃহত্তম জাহাজ ‘কনসায়েন্সে’ অভিযাত্রী হয়েছেন শহিদুল আলম। তার পরনে ছিল জুলাই শহীদ আবু সাঈদের ছবি খচিত পাঞ্জাবি এবং হাতে বাংলাদেশি পতাকা।
শহিদুল আলম বুধবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে জানান, “আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। তিনি একজন বিদ্রোহী ছিলেন, যিনি সমাজের প্রত্যাশা পূরণ না হওয়ায় আত্মত্যাগ করেছিলেন। তার মৃত্যু আমার জন্য একটি দরজা খুলে দিয়েছে। আমি আমার বুকে আবু সাঈদকে পরিধান করেছি, যিনি সশস্ত্র পুলিশের সামনে তার বুক উন্মুক্ত করেছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই তাকে হত্যা করা হয়, কিন্তু এটি শেখ হাসিনার পতনের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।”
তিনি আরও বলেন, ইতিহাসে যারা স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) চ্যালেঞ্জ জানিয়েছেন, তারাই সমাজে পরিবর্তন এনেছেন। আজ ফ্লোটিলার ‘কনসায়েন্সে’ থাকা ব্যক্তিরা, ঢেউয়ের মধ্যে নৌকার অগ্রভাগে থাকা অন্যান্য যাত্রীরা এবং বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য গাজায় নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন, তারা ইসরাইল ও তার মিত্রদের গণহত্যামূলক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।

















