গাজার আল-জাওয়াইদায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের ৬ যোদ্ধা নিহত
গাজার আল-জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল-মাবহুহও রয়েছেন। হামলার সময় ওই যোদ্ধারা মধ্যাঞ্চলে অভিযান পরিচালনা করছিলেন।
স্থানীয় সূত্র ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আল-জাওয়াইদার উপকূলীয় এলাকায় তাঁবুর ভেতরে স্থাপিত একটি সমুদ্রতীরবর্তী ক্যাফেকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। আল-মাবহুহর মৃত্যু হামাসের অভিজাত শাখার জন্য বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর।
এদিকে, ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি স্থগিত করেছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এবং হামাসের প্রকাশ্য চুক্তি লঙ্ঘনের পর মানবিক সহায়তা পাঠানো স্থগিত রাখা হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং ইসরায়েলি বিমান হামলাকেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে দেখেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর প্রতিদিন গাজার ত্রাণ সামগ্রী প্রবেশ করলেও রোববার তা বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে।



















