গাজায় ব্যাপক হামলার পর পুনঃকার্যকর যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গত রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা, যার ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
ইসরায়েলের বরাত দিয়ে বলা হয়েছে, হামাসের হামলায় রাফাতে তাদের দুই সেনা নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। হামাসের সঙ্গে সংঘর্ষের সময় দুই ইসরায়েলি সেনার মৃত্যু ঘটে। যদিও হামাস দাবি করেছে, রাফার সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়। তবু ইসরায়েল গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায়।
দিনশেষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর তারা আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। তবে এর আগে যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার কারণে আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রোববার ইসরায়েল সরকার ঘোষণা করেছিল, গাজায় তারা ত্রাণ সরবরাহ বন্ধ করবে। তবে এই নিষেধাজ্ঞা এখনও উঠে গেছে কি না, তা স্পষ্ট নয়।

















