গাজায় গণহত্যায় নীরব থাকা মানে সহযোগিতা: তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান গণহত্যার বিরুদ্ধে যারা নীরব থাকবেন, তারাই এ ঘটনায় জড়িত। মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এরদোয়ান আরও জানান, তুরস্ক আজ নিজস্ব প্রযুক্তি ও শক্তির ওপর দাঁড়িয়ে বিশ্বে প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। ১৯৬০ থেকে ৯০-এর দশকে তুরস্ক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও দ্বিচারিতার মুখোমুখি হয়েও নিজস্ব প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বিনিয়োগ বৃদ্ধি করেছে।
তিনি স্মরণ করান, অতীতে সাইপ্রাস সংকট ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মিত্র দেশগুলো থেকে সহায়তা না পাওয়ার কারণে কঠোর বাধার মুখোমুখি হয়েছিল তুরস্ক। পাশাপাশি সিরিয়ার সঙ্গে উত্তেজনার সময়ও পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ হয়নি।
এরদোয়ান স্পষ্ট ভাষায় বলেন, “গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে চুপ থাকা মানে সেই অপরাধের সঙ্গে অংশীদার হওয়া।” তিনি তুরস্কের মানবিক ও সক্রিয় পররাষ্ট্রনীতির কথা তুলে ধরে বলেন, দেশটি নিজের শক্তির ওপর ভর করে বিশ্বে এক স্বকীয় মর্যাদা প্রতিষ্ঠা করেছে।



















