গাজায় একদিনে ১৩৪ ফিলিস্তিনি নিহত, মোট মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়াল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের টানা সামরিক অভিযানে একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে আরও ১৩৪ জন ফিলিস্তিনি। সোমবার (২১ জুলাই) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি হামলায় আরও ৯৯ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে ইসরায়েলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৯ জনে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু জানায়, গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনকে তারা ‘গণহত্যামূলক অভিযান’ হিসেবে আখ্যা দিয়েছে। শুধু গত ২৪ ঘণ্টাতেই ১৩৪টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়েছেন আরও ১ হাজার ১৫৫ জন। ফলে এখন পর্যন্ত আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ১৩৫ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারীদের অনেক জায়গায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এছাড়া সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৯৯ জন, আহত হয়েছেন ৬৫০ জনের বেশি। ২৭ মে থেকে এই সহায়তা নেওয়ার সময় মোট প্রাণ হারিয়েছেন ১ হাজার ২১ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৫১১ জনের বেশি।
চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করে গাজায়। যদিও জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল। মার্চের নতুন হামলায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৮ হাজার ১৯৬ জন এবং আহত হয়েছেন ৩০ হাজার ৯৪ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়ায়োভ গালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।


















