গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত, মানবিক বিপর্যয় প্রকট
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বুধবার (২০ আগস্ট) আরও ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন নিহত হয়েছেন ত্রাণ ও মানবিক সহায়তা নিতে গিয়ে। অপরদিকে অনাহার ও অপুষ্টিতে মারা গেছে আরও ৩ জন।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলা এবং ইসরায়েলি অবরোধের কারণে গাজার মানুষদের মধ্যে ভয়াবহ ক্ষুধা ও অপুষ্টির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি সেনারা অভিযানের প্রথম ধাপ শুরু করেছে, যেখানে এখনও প্রায় ১০ লাখ মানুষ আটকে রয়েছে।
ত্রাণ কেন্দ্র ও আশ্রয়স্থলে হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ শালানসহ অন্তত ৩০ জন। খাদ্যাভাব-সংক্রান্ত মৃতের সংখ্যা এখন ২৬৯ জন, যার মধ্যে ১১২ জন শিশু।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইসরায়েলের অবরোধের কারণে গাজায় অপুষ্টি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা সিটির প্রায় প্রতি তিন শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে।
ইসরায়েলি মানবাধিকার সংগঠন গিশা জানিয়েছে, ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিয়ে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। একই সময়ে গাজার সিভিল ডিফেন্স জ্বালানি ঘাটতির তীব্র সংকটের বিষয়ে সতর্ক করেছে, যা জরুরি উদ্ধার কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলছে।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, কর্মীরা প্রচণ্ড রোদে হেঁটে যাওয়ার পরও মানবিক সহায়তার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন, তবে জ্বালানি ও অন্যান্য সরঞ্জামের অভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে।



















