গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের পাঁচ যোদ্ধা নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে। এই ঘটনা ঘটেছে শুক্রবার, ২১ নভেম্বর।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাহাল ব্রিগেড জানিয়েছে, নিহতরা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল। তাদের দাবি, যোদ্ধাদের আচরণ ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল, তাই লক্ষ্যবস্তু হিসেবে বিমান হামলা চালানো হয়।
গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি স্থিতি হয়। তবে রাফা অঞ্চলে হামাসের প্রায় ২০০ যোদ্ধা সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন। এই অবস্থায় তাদের জীবিত উদ্ধার করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর বিষয় নিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশের মধ্যে আলোচনা চলছিল।
এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল, আটকে থাকা ২০০ যোদ্ধাকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে। এরপর তাদের মুক্তি দেওয়া হবে এবং কিছু যোদ্ধাকে ইসরায়েলে নেওয়া হবে। কিন্তু হামাস এই শর্ত প্রত্যাখ্যান করে জানায়, তাদের যোদ্ধারা আত্মসমর্পণ করবে না।
সূত্র: টাইমস অব ইসরায়েল
















