গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের আগ্রহ বাংলাদেশের
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (আইএসএফ) অংশ হতে বাংলাদেশের নীতিগত আগ্রহের কথা ব্যক্ত করেছেন। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় যে, ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকারের সাথে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। মার্কিন আন্ডার-সেক্রেটারি হুকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মিলে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর জবাবে অ্যালিসন হুকার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছে এবং আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ড. রহমান বাংলাদেশ থেকে মার্কিন কৃষিপণ্য আমদানি বৃদ্ধি পাওয়ায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রোহিঙ্গা ইস্যুতে ড. রহমান যুক্তরাষ্ট্রকে বৃহত্তম দাতা দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। হুকার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং এই সংকটের দায়ভার আন্তর্জাতিকভাবে ভাগ করে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনমান ও জীবিকা উন্নয়নের সুযোগ বৃদ্ধির অনুরোধ জানান।
অন্য এক বৈঠকে ড. রহমান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে নির্বাচন ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তিনি ওয়াশিংটনে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। ব্যবসায়িক যাতায়াত সহজ করতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বি-১ ক্যাটাগরির ভিসায় ‘ভিসা বন্ড’ থেকে অব্যাহতির অনুরোধ জানালে মার্কিন পক্ষ তা ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয়।


















