গাজায় অভিযানকালে ইসরায়েলের সেনা কর্মকর্তা নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকাতে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার গাজা সিটিতে হামাসের যোদ্ধাদের গুলিতে প্রাণ হারিয়েছেন মেজর শাহার নাতানেল বোজাগ্লো (২৭)। তিনি ৭৭তম ব্যাটালিয়েনের ৭ম আর্মোর্ড ব্রিগ্রেডের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবার সকালে গাজা সিটিতে হামাসের যোদ্ধারা রকেট প্রোপেল্ড গ্রেনেড (আরপিজি) ছোড়ে একটি ইসরায়েলি ট্যাঙ্কের দিকে, যার মধ্যে ছিলেন বোজাগ্লো। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। সেই অভিযান থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও অধিক, এবং ইসরায়েলি পক্ষের নিহত সেনা সংখ্যা দাঁড়িয়েছে ৮ শতাধিক, আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি।
বোজাগ্লো এই অভিযানে নিহত হওয়া প্রথম ইসরায়েলি সেনা যিনি গাজায় সম্পূর্ণ দখল অভিযানের পর প্রাণ হারিয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল

















