গণমাধ্যমে দক্ষতা অর্জন ছাড়া ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয় সম্ভব নয় বললেন মাওলানা মামুনুল হক
ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয় ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় গণমাধ্যমে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, বর্তমান যুগে জনমত গঠন, চিন্তা নির্মাণ ও রাষ্ট্রীয়-রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো গণমাধ্যম। তাই ইসলামের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আধুনিক মিডিয়ার ভাষা, কৌশল ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।
শনিবার রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক ওরিয়েন্টেশন কর্মশালা’র উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক আরও বলেন, যে শক্তি মিডিয়াকে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবে, তারাই সমাজে নিজেদের আদর্শ, চিন্তা ও কর্মসূচি কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। এ সময় তিনি দায়িত্বশীলদের বস্তুনিষ্ঠ ও পেশাদার মিডিয়া কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
কর্মশালার সমাপনী অধিবেশনে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংগঠনের আদর্শ ও জনসম্পৃক্ত কার্যক্রম জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল মিডিয়া টিম গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি। দিনব্যাপী এই কর্মশালায় সারাদেশে থেকে নির্বাচিত দায়িত্বশীলরা অংশ নেন, যেখানে সংবাদ সংগ্রহ, সংবাদ রচনা, ভিডিও প্রোডাকশন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা এবং তথ্য যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
মাওলানা হাসান জুনাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ এবং সাংবাদিক সাইদ রহমানসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিবর্গ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সেশনে বক্তব্য রাখেন। আলোচকগণ গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং জনসম্পৃক্ত যোগাযোগ কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।



















