গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসির বিরুদ্ধে ছাত্রশিবিরের সেমিনারে বিশিষ্টজনদের হুঁশিয়ারি
বর্তমান সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধা জানানোর পরিবর্তে আইনি মারপ্যাঁচ ও দ্বিচারিতার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার কেবল জুলাই সনদের বিরোধিতাই করছে না, বরং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকার তালবাহানা করছে। তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে বিএনপি জনগণের রায়কে ভয় পায় এবং গণভোটের মাধ্যমে জন্ম নেওয়া এই দলটিই এখন গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। অনতিবিলম্বে জনরায় বাস্তবায়ন না করলে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও তিনি সতর্ক করেন।
সেমিনারে আলোচকরা রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও সংবিধান সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নে জনগণের ম্যান্ডেট নেওয়া হয়নি, যা একটি মৌলিক সংকট। অন্যদিকে বিশিষ্ট আলোকচিত্রশিল্পী শহীদুল আলম বলেন, দ্বিমত থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্রীয় মেরামতের কাজ বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই। সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, সংবিধানের দোহাই দিয়ে আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সেমিনারে ছাত্র প্রতিনিধি হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েম, জকসু ভিপি রিয়াজুল ইসলাম এবং জাকসু জিএস মাজহারুল ইসলাম ঐক্যবদ্ধভাবে জনরায় দ্রুত বাস্তবায়নের আল্টিমেটাম দেন। তারা স্পষ্ট জানান, সাধারণ ছাত্রসমাজ রাজপথে জনরায়ের পাহারাদার হিসেবে কাজ করবে। ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার স্বাগত বক্তব্য এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এসএম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা সরকারকে অবিলম্বে জনরায় বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। তারা হুশিয়ারি দেন যে, জনরায় বাস্তবায়নে কালক্ষেপণ দেশে নতুন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে।



















