ক্ষুধায় ধুঁকতে থাকা গাজায় প্রায় ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ
ক্ষুধা ও ত্রাণ সংকটে ভুগতে থাকা গাজায় মঙ্গলবার প্রায় ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী ও সরকারের সমন্বয়কারী কমিটি কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটি (কোগাট) বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
কোগাট জানিয়েছে, মঙ্গলবার গাজায় প্রবেশ করা সমস্ত ত্রাণই জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সরবরাহ করা হয়েছে। আরও কয়েকশ ট্রাক গাজায় ঢোকার অপেক্ষায় রয়েছে এবং শিগগিরই তাদেরও প্রবেশের অনুমতি দেওয়া হবে।
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেখানে সামরিক অভিযান চালাচ্ছে। পরবর্তীতে গত ২২ মাসে গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।
ত্রাণ প্রবেশের পাশাপাশি আইডিএফ গাজায় খাদ্য, সুপেয় পানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ত্রাণ সংকট সৃষ্টি হয়েছে। ক্ষুধা ও অপুষ্টির কারণে শত শত মানুষ মারা যাচ্ছে।
গত কয়েক সপ্তাহে জর্ডানের সহায়তায় বিভিন্ন দেশ বিমান থেকে গাজায় ত্রাণ সামগ্রী ফেলে দিয়েছে। তবে এই ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। জাতিসংঘের হিসেব অনুযায়ী, গাজায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ সামগ্রী প্রবেশের প্রয়োজন। কিন্তু বিমান থেকে সরবরাহকৃত ত্রাণের পরিমাণ মাত্র ৬ থেকে ৯ ট্রাকের সমান।
মঙ্গলবার খাদ্য সামগ্রীর সঙ্গে সঙ্গে জ্বালানি তেলবাহী ট্রাকও গাজায় প্রবেশ করেছে। জাতিসংঘ এই তেল সরবরাহ করেছে হাসপাতালে কার্যক্রম চালানোর জন্য।
সূত্র: টাইমস অব ইসরায়েল

















