ক্রেমলিনের দাবি পুতিন সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের চেষ্টা করছেন না
রাশিয়ার ক্রেমলিন জানিয়েছে, ইউরোপীয় নেতাদের দাবি যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের চেষ্টা করছেন, তা সম্পূর্ণ ভুল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, পুতিন ন্যাটোর সদস্য রাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছেন—এমন কথাও হাস্যকর।
পুতিন ২০০৫ সালে বলেছিলেন, সোভিয়েত ইউনিয়নের পতন ছিল ২০ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয়, যার ফলে কোটি কোটি রুশ নাগরিক দারিদ্র্যের মুখোমুখি হন এবং রাশিয়াও ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়েছিল। যদিও পশ্চিমা নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন, পুতিন ইউক্রেনে জয়ী হলে ন্যাটোতেও হামলা করতে পারেন, কিন্তু পুতিন বারবার বলেছেন, তার ন্যাটো আক্রমণের কোনও পরিকল্পনা নেই। তিনি উল্লেখ করেছেন, ন্যাটোর সামরিক শক্তি রাশিয়ার তুলনায় অনেক বেশি, তাই এমন পদক্ষেপ বোকামি হবে।
সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের মন্তব্য, পুতিন ‘‘পুরোনো সোভিয়েত ইউনিয়ন’’ ফিরিয়ে আনতে চাইছেন এবং এটি রাশিয়ার রাষ্ট্রীয় নথিতে উল্লেখ আছে—সেটি ক্রেমলিন খারিজ করেছে। দিমিত্রি পেসকভ বলেন, পুতিন সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করতে চান না এবং এটি অসম্ভব। এছাড়া ন্যাটো দেশে আক্রমণের প্রস্তুতি নেওয়ার দাবিও হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।


















