শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:৩৩

ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউনিকো হসপিটালের বিশেষ কর্মশালা

প্রতিবেদক
staffreporter
জুন ২৮, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউনিকো হসপিটালের বিশেষ কর্মশালা

ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউনিকো হসপিটালের বিশেষ কর্মশালা

দেশের ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিকমানে উন্নীত করার লক্ষ্যে ইউনিকো হসপিটাল পিএলসি সফলভাবে ‘ন্যাশনাল নার্সিং ওয়ার্কশপ ২০২৬’ আয়োজন করেছে। উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে জরুরি ও জটিল রোগীসেবার মান বাড়ানোই ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নার্সিং পেশাজীবীদের নিয়ে আয়োজিত এই বিশেষ কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতার। ইউনিকো হসপিটালের চিফ অব নার্সিং সার্ভিস এলিজাবেথ জোথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের সিইও আর্দ্রা কুরিয়েন। এছাড়া অনুষ্ঠানে ইউনিকো হসপিটালের চিফ অব মেডিক্যাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, কোওয়াটার ইন্টারন্যাশনাল (কানাডা)-এর প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ড. নাহিদা আখতারসহ দেশের খ্যাতনামা চিকিৎসক ও নার্সিং নেতারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মশালায় অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী নার্সরা সিপিআর ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ম্যানেজমেন্ট, এন্ডোট্র্যাকিয়াল টিউব কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার বা বেডসোর ব্যবস্থাপনার মতো জটিল রোগী ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের অর্জিত দক্ষতা মূল্যায়নের জন্য একটি প্রতিযোগিতামূলক ‘পোস্ট-টেস্ট’ অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা সব অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং পোস্ট-টেস্টে সেরা পারফরম্যান্সের জন্য শীর্ষ তিনজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই ধরনের সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে ইউনিকো হসপিটাল দেশে নার্সিং পেশার দক্ষতা উন্নয়ন, পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি এবং উন্নত ও বিশ্বস্ত রোগীসেবা নিশ্চিত করার অঙ্গীকার আরও একবার পুনর্ব্যক্ত করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি