ক্যানসারের ঝুঁকি কমাতে দারুণ কার্যকরী ইসবগুলের ভুসি
কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ইসবগুলের ভুসি অত্যন্ত পরিচিত এবং ফলদায়ী এক উপাদান। তবে সম্প্রতি ভারতীয় অনকোলজিস্ট বর্তিকা বিশ্বানি জানিয়েছেন, ইসবগুলের ভুসি কেবল পেট পরিষ্কার রাখার ক্ষেত্রেই সীমিত নয়, বরং নিয়মিত ব্যবহারে এটি ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে। প্রতি ১০০ গ্রাম ইসবগুলের ভুসিতে প্রায় ৭১ গ্রাম খাদ্যোপযোগী ফাইবার রয়েছে, যা শরীর সুস্থ রাখতে অত্যন্ত জরুরি।
চিকিৎসক বর্তিকার মতে, ক্যানসার প্রতিরোধে ফাইবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রতিদিন ২৫-৩০ গ্রাম ফাইবার খাওয়া উচিত। ইসবগুলে থাকা অদ্রবণীয় ফাইবার বৃহদন্ত্রে গিয়ে মলের আয়তন বাড়ায় এবং মল দ্রুত নিষ্কাশনে সাহায্য করে। এর ফলে অন্ত্রের দেওয়ালে ক্ষতিকর পদার্থ দীর্ঘসময় জমে থাকতে পারে না, যা মূলত কোলোরেক্টাল বা বৃহদন্ত্রের ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।
এছাড়া ইসবগুলে থাকা উপকারী ফাইবার অন্ত্রের ভালো ব্যাক্টেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে পরিপাকতন্ত্র ও হজমক্ষমতা উন্নত করে। এটি শরীরের ভেতরের প্রদাহ কমায়, যা ক্যানসারের অন্যতম প্রধান কারণ। একই সঙ্গে ইসবগুলের ভুসি রক্তে শর্করার মাত্রা এবং ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও বেশ কার্যকর ভূমিকা পালন করে।
তবে ইসবগুলের ভুসি খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে জল পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পর্যাপ্ত জল শরীরে গিয়ে ইসবগুলকে জেলির মতো থকথকে উপাদানে পরিণত করে, যা পরিপাকতন্ত্রের সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে অত্যন্ত প্রয়োজনীয়।



















