কৃত্রিম বুদ্ধিমত্তা চাহিদায় রেকর্ড মুনাফার পথে স্যামসাং
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস রেকর্ড মুনাফার পথে এগিয়ে চলেছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) কোম্পানিটির পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে যেতে পারে বলে স্যামসাং পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক হিসাবে স্যামসাং জানিয়েছে যে চতুর্থ প্রান্তিকে তাদের অপারেটিং প্রফিট হতে পারে প্রায় ২০ ট্রিলিয়ন ওন যখন এক বছর আগে একই সময়ে এই মুনাফা ছিল ৬ দশমিক ৪৯ ট্রিলিয়ন ওন। এটি স্যামসাংয়ের ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি ঘিরে ডেটা সেন্টার, সার্ভার ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারের চাহিদা বাড়ায় মেমোরি চিপের দাম দ্রুত বেড়েছে যা স্যামসাংয়ের আয়ে বড় ভূমিকা রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানায় যে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ড্রাম চিপের কিছু কনট্রাক্ট মূল্য আগের বছরের তুলনায় ৩১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। এই রেকর্ড মুনাফার পূর্বাভাসের পর শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং বৃহস্পতিবার সকালের লেনদেনে স্যামসাংয়ের শেয়ারের দাম সামান্য বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে যেখানে গত এক বছরে কোম্পানিটির শেয়ারমূল্য বেড়েছে প্রায় ১৫৫ শতাংশ।
তবে বিশ্লেষকেরা বলছেন যে মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় স্যামসাংয়ের মোবাইল ফোন ব্যবসার লাভের মার্জিনে চাপ তৈরি হতে পারে কারণ স্মার্টফোন তৈরির খরচ বাড়লেও বাজার পরিস্থিতির কারণে পণ্যের দাম বাড়ানো সহজ নয়। স্যামসাংয়ের সহ-প্রধান নির্বাহী টি এম রোহ বলেন যে মেমোরি চিপের দাম বাড়ার প্রভাব এড়ানো সম্ভব নয় এবং প্রয়োজন হলে পণ্যের দাম সমন্বয়ের কথা ভাবা হতে পারে। বিশ্লেষকদের মতে বৈশ্বিকভাবে ডেটা সেন্টার ও এআই অবকাঠামোতে বিনিয়োগ বাড়তে থাকায় ২০২৬ সালেও মেমোরি চিপের সরবরাহ সংকট বজায় থাকতে পারে যা স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ব্যবসা আরও শক্তিশালী করার সম্ভাবনা তৈরি করে।


















